দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিল উপজেলায় শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), মুক্তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) ও বর্তমান স্বামী সেলিমকে (২৫) আটক করেছে এসআরবি-১১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, পরকীয়ার জেরে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী খাগড়াছড়ির রামগড় থানার গুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।
এসআরবি-১১ জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। তবে রাসেল বিচ্ছেদ মেনে নিতে পারেননি। তিনি পুনরায় সংসার করার চেষ্টা করেন। এর মধ্যে চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন মুক্তা। বিষয়টি জানাজানি হওয়ার পর রাসেল মুক্তাদের বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন।
সংস্থাটি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের মুঠোফোনে কল করে তাকে নিজেদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ওই ফোন পেয়ে রাত ১০টার দিকে সেখানে যান রাসেল। পরে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে রাসেলের মরদেহ কম্বলে মুড়িয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়া হয়। গত বৃহস্পতিবার পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা করেন।
মামলার ভিত্তিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে আটক করা হয়। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে আটক করে এসআরবি-১১।
শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।
যে আই